ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

কুষ্টিয়ায় গভীর রাতে দুইজনকে গাছের সাথে বেঁধে ছিনতাই, ফাঁকা গুলির অভিযোগ

Oplus_131072

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন এলাকায় গভীর রাতে দু’জন ব্যক্তিকে গাছের সাথে বেঁধে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা আতঙ্ক সৃষ্টি করতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের একজন শামসুল আলম (৪২)। তিনি কুষ্টিয়ার শ্যামপুর গ্রামের বাসিন্দা। তার পিতা জোয়াদ বিশ্বাস। শামসুল আলমের কাছ থেকে একটি পাখি ভ্যান ও নগদ প্রায় ১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

অপর ভুক্তভোগী লাল চাঁদ মোল্লা (৩০), পিতা মোহাম্মদ আলী মোল্লা, গ্রামের বাড়ি পদ্মনগর। তিনি পেশায় কলা ব্যবসায়ী। ছিনতাইকারীরা তাকে গাছের সাথে বেঁধে মারধর করে এবং তার কাছে থাকা আনুমানিক ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ঘটনাটি ঘটে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে। উজানগ্রাম ইউনিয়নের করিমপুর বাজার থেকে শ্যামপুর গ্রামের দিকে যাওয়ার পথে একটি ফাঁকা মাঠের মধ্যে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর