ঢাকা, শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ()

রূপলাল-প্রদীপ হত্যাকাণ্ড মামলার আসামি মাজেদুল গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে পিটুনিতে জামাই-শ্বশুর রূপলাল রবিদাস ও প্রদীপ লাল হত্যাকাণ্ড মামলার আসামি মাজেদুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাবের একটি দল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তারাগঞ্জ উপজেলার ফকির পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাজেদুল ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।আজ শুক্রবার বিকেলে র‍্যাব-১৩–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পিটুনিতে হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরে আসামি মাজেদুল পলাতক ছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩–এর একটি দল তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাজেদুলকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, মাজেদুলকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার রূপলাল রবিদাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ রবিদাসকে (৩৫) ভ্যান চোর সন্দেহে স্থানীয়রা পিটুনি দেয়। পরে তাঁদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা রূপলালকে মৃত ঘোষণা করেন। প্রদীপ লাল রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রদীপ লাল রবিদাস সম্পর্কে রূপলাল রবিদাসের ভাগনির স্বামী ছিলেন।

এ ঘটনার পরদিন নিহত রূপলালের স্ত্রী মালতি রানী ওরফে ভারতী রানী বাদী হয়ে অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন।


     এই বিভাগের আরো খবর