সাতক্ষীরা শহরে একটি মন্দিরের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ চুরি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার গভীররাতে জেলার কেন্দ্রীয় মন্দির ‘মায়ের বাড়িতে’ এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানিয়েছেন।
তিনি বলেন, “চোরেরা কালিমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা প্রতিমার গায়ে থাকা বিভিন্ন স্বর্ণালংকার খুলে নিয়ে যায় এবং দানবাক্স ভেঙে নগদ অর্থ লুট করে।
চুরি যাওয়া সামগ্রীর মধ্যে চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি চেন, দশ আনা ওজনের একটি নথ ও প্রায় পাঁচ ভরি রুপা রয়েছে।”
এ ঘটনায় ১৮ লক্ষাধিক টাকার সম্পদ চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মন্দির কর্তৃপক্ষ।