সাতক্ষীরার কালিগঞ্জে এক বিকাশ এজেন্টের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং অস্ত্রের মুখে তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
রবিবার বিকালে কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম মো. মোকলেছুর রহমান। তিনি উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত মো. ওলি আহম্মেদের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার বেলা ৩টার দিকে মোকলেছুর মোটরসাইকেলে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। দুর্বৃত্তরা এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাগ ভর্তি নগদ ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। হামলার সময় তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে ঘটনার পর কৃষ্ণনগরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।