ঢাকা, শনিবার, ৭ মার্চ, ২০২৬ ()

পলাশবাড়ীতে গ্রামের প্রধান সড়কের বেহাল দশা!! দুর্ভোগ গ্রামবাসীর

ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের চালিতাদহ গ্রামটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

গ্রামের প্রধান প্রবেশপথ হিসেবে পৌরবাসী এবং ইউনিয়নবাসীর ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকা হওয়ার কথা থাকলেও তা এখনো অদৃশ্য কারণে বাস্তবায়ন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে ।

স্থানীয়দের জানান, রাস্তাটির প্রায় চার ভাগের তিন ভাগই পুকুরের মাঝ দিয়ে গেছে, ফলে এটি অত্যন্ত সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে করে গ্রামবাসীর চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে।

বিশেষ করে কেউ অসুস্থ হলে গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশ করার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে অভিযোগ করেন এলাকাবাসী। অথচ এই রাস্তাটিই গ্রামের প্রধান প্রবেশদ্বার এবং প্রায় ৯৮ শতাংশ মানুষ এই পথ ব্যবহার করে যাতায়াত করেন।

এদিকে রাস্তাটির পাশেই একটি নতুন বাড়ি নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জমির সঠিক মাপ অনুযায়ী যদি নির্মাণকাজ হয়ে থাকে তবে তাদের আপত্তি নেই। তবে পুকুরের মাঝ দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি আগে সংস্কার বা প্রশস্ত করা জরুরি ছিল বলে মনে করেন তারা।

এমতাবস্তায় স্থানীয় উপজেলা প্রশাসন রাজনীতিবিদসহ উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি সংস্কার ও পাকা করার দাবি জানিয়েছেন চালিতাদহ গ্রামের বাসিন্দারা। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


     এই বিভাগের আরো খবর