ঢাকা, শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ()

দামুরহুদা ইউনিয়ন পরিষদ নির্বাচন ও প্রশাসক নিয়োগে দাবিতে মানব বন্ধন

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদ নির্বাচন দীর্ঘ এক যুগ ধরে বন্ধ থাকার প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচন ও প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় হাউলী ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ডে লিখেন, ‘রিটের নামে প্রহসন বন্ধ করো’ এবং ‘হাউলী ইউনিয়ন পরিষদে অবিলম্বে নির্বাচন চাই, প্রশাসক নিয়োগ চাই।’ বক্তারা অভিযোগ করে বলেন, সীমানা সংক্রান্ত জটিলতা ও একের পর এক রিট আবেদনের কারণে প্রায় এক যুগ ধরে হাউলী ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ৫ আগস্টের পর এ ইউনিয়ন পরিষদে কোনো মামলা না থাকলেও সম্প্রতি চারজন ইউপি সদস্য নতুন করে হাইকোর্টে রিট দায়ের করে প্রশাসক নিয়োগ ও নির্বাচন কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন হাউলী ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, শাহ্ তাজ আলম, হুমাউন কবির ডাবলু ও রজব আলী সুমন প্রমুখ। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ইউনিয়নবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হওয়ায় সাধারণ মানুষের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ জটিলতার অবসান চেয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।


     এই বিভাগের আরো খবর