রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের থানা মোড় এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান রাস্তায় যে শেষ হয়। এতে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিল থেকে এই সময় ‘মানবিক ডিসির বদলি মানি না, মানব’, ‘ইকবাল হোসেনের বদলি বাতিল করো’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে।
এ সময় বক্তারা জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের কর্মকাল ও সাধারণ মানুষের প্রতি তার সহমর্মিতার কথা তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসক ইকবাল হোসেন কুষ্টিয়ায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
তাকে ‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, আমরা যখনই কোনও সমস্যায় পড়েছি, তাকে পাশে পেয়েছি। বিপ্লবের চেতনা লালনকারী এমন একজন কর্মকর্তাকে কুষ্টিয়া থেকে সরিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান এবং তাকে আরও কিছুদিন কুষ্টিয়ায় রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আবেদন করেন। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ থেকে বক্তারা আরও বলেন, আগামীকাল সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে যতক্ষণ না জেলা প্রশাসকের বদলির আদেশ প্রত্যাহার না হবে ততক্ষণ তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
এ সময় সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয় আগামীকাল সোমবার সকাল দশটার সময় কুষ্টিয়া মজমপুর গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির। সমাবেশ থেকে জেলার ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা ও সর্বস্তরের সাধারণ জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।