নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোটারের বাড়িতে বাড়িতে যেতে হবে। ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। ভোটার উপস্থিতি দিয়ে মোড়লদের দেখিয়ে দিতে হবে, শেখ হাসিনার নেতৃত্বেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব।
আজ বুধবার সিলেটের আমানউল্লাহ কনভেনশন হলে আয়োজিত দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০ ডিসেম্বরের সিলেট সফর সফল করতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এই কর্মীসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক ২০ ডিসেম্বর সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।বিশ্ব মোড়লরা আজ আমাদের একটি পক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা বিশ্ব মোড়লদের ভয় না করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন। আমাদের দেশ কিভাবে চলবে সেটা আমরা ঠিক করব। আমাদেরকে কারো নির্দেশনা দিতে হবে না।
আমরা নিজেরাই আমাদের মত এগিয়ে যাব।’
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।নানক বলেন, ‘বিএনপি-জামায়াত জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে এখন হরতাল-অবরোধ দিচ্ছে। আগুন সন্ত্রাস, রেললাইন তুলে ফেলা, মানুষকে পুঁড়িয়ে মারা, ট্রাক ড্রাইভার-হেল্পাররা ঘুমিয়ে থাকা অবস্থায় গান পাউডার দিয়ে পুঁড়িয়ে হত্যা এবং এক পুলিশ ভাইকে নির্মমভাবে পিঠিয়ে হত্যাসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। আজ বিশ্বমানবতা কোথায়? বিএনপি-জামায়াতের এই অপকর্মের বিষয়ে মোড়লদের মুখ বন্ধ।
তিনি বলেন, ‘যারা তত্বাবধায়ক সরকারের কথা বলেছিল, তারা এখন চুপ হয়ে গেছে। তারা নির্বাচন বানচাল করার জন্য আবারও ষড়যন্ত্র করবে। আপনাদেরকে সজাগ থাকতে হবে।’
আলিয়া মাদরাসার জনসভা সফলে নেতাকর্মীদের প্রচারে মন দিতে বলে তিনি বলেন, ‘জনসভার সৌন্দর্য ও নিরাপত্তার স্বার্থে ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। জনসভায় প্রচুর মহিলাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বর্ধিত সভা করে প্রস্তুতি নিতে হবে। নেত্রী আগমনের বার্তা সব জায়গায় পৌঁছে দিতে হবে।’