আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার গনক এলাকায় হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে। আটক ওই নারীর নাম রানী (৪৫)।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, নগরীর গনক এলাকায় ডিউটিরত ট্রাফিক কনস্টেবল মো. বজলু ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন।এ সময় রিকশাযাত্রী রানী ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করেন। এতে কনস্টেবল তাঁকে বাধা দেন। বিরক্ত হয়ে ওই নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রিকশা থেকে নেমে তিনি ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগে মামলা দায়ের হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলুর সঙ্গেই দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট সাবিহা খাতুন। তিনি সঙ্গে সঙ্গে এ ঘটনা বোয়ালিয়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ রিকশাযাত্রী রানীকে ধরে থানায় নিয়ে যায়।