ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

নির্বাচন বয়কটে সকলকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এই আহ্বান জানান।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে প্রহসনের নির্বাচন চায় না, সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রহসনের নির্বাচন বয়কট করেছে। আজকে একটি সরকারি ভবন থেকে নির্ধারিত হচ্ছে কে কয়টি আসন পাবে।৫২ বছর আগে যুদ্ধ করা হয়েছিল গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, আইনের শাসনের জন্য, সাম্যের জন্য। আজকে তার কী দুরবস্থা। জনগণের কোনো দাম নেই। দাম হচ্ছে কতিপয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কতিপয় প্রতিষ্ঠান আর কতিপয় শাসক শ্রেণির বাড়িঘর।

তারা নির্ধারণ করবে কে এমপি হবে, কে কয়টা সিট পাবে।

জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা জেগে উঠুন। এটি শুধু বিএনপি নয়, এটি শুধু সমমনা জোট ও দলের নয়, এটি বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের আন্দোলন। জনগণের ভোটাধিকার উদ্ধারের এই আন্দোলনে পেশাজীবীরা একত্র হয়েছে, আপনারা রাস্তায় নেমে আসুন।

জনগণ যখন রাস্তায় নেমেছে। জনগণ যখন রক্ত দিতে শিখেছেন, জনগণের রক্ত বৃথা যায় না, অতীত তা বলে না। কাজেই জয় আমাদের সুনিশ্চিত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বলেন, ‘১৪ ও ১৮ সালের মতো এবারও সরকার একটা প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে। কিছু লোককে ভুলিয়ে নির্বাচনে আনতে চেয়েছে সরকার।

আসলে নির্বাচন তো হচ্ছে না, ভোট তথা আসন ভাগাভাগির সমঝোতা হচ্ছে। এই নির্বাচন বাংলাদেশের মানুষ করতে দেবে না।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এবং সদস্যসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস, ইউনির্ভাসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুতফুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম সেলিম, জাতীয়তাবাদী আইনজীবীফোরামের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মহসিন মিয়া, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক হারুন আল রশিদ, ডা. জহিরুল ইসলাম শাকিল, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রিয়াজুল ইসলাম রিজু, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের রাশেদুল হাসান হারুন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের শহীদুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


     এই বিভাগের আরো খবর