ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনে নির্বাচন কমিশনের নোটিশ ‘জনগণের সঙ্গে ঠাট্টা’ : রিজভী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন নিয়ে নির্বাচন কমিশনের নোটিশ ‘জনগণের সঙ্গে ঠাট্টা’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি এই নির্বাচনকে একতরফা নির্বাচন বলে আখ্যায়িত করেছেন। 

আজ রবিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন।

রিজভী বলেন, ‘জনগণের বিরুদ্ধে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনই সংবিধানের সারবত্তা ভূলুণ্ঠিত করেছে।

এখন আওয়ামী ঘরোয়া নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কথা মানে জনগণের সঙ্গে কমিশনের ঠাট্টা করা। কিসের আচরণবিধি লঙ্ঘন আর কিসের কী? এখানে তো জনগণের অংশগ্রহণই নেই, এখানে ভোটারদের ভোটের কোনো আগ্রহই নেই।’

তিনি বলেন, এখানে একতরফা একটি নির্বাচন। সেখানে সবাই মিলে একই দলের লোক।

একই দলের কেউ প্রত্যক্ষ প্রার্থী, কেউ পরোক্ষ প্রার্থী। কেউ এক নম্বর প্রার্থী, কেউ দুই নম্বর প্রার্থী, কেউ তিন নম্বর প্রার্থী। সব আওয়ামী লীগের প্রার্থী।

রিজভী বলেন, নির্বাচন উপলক্ষে ইউএনও ও ওসিদের বদলির সিদ্ধান্তটিও আওয়ামীমনা ইউএনও-ওসিদের রদবদল মাত্র।

সমগ্র প্রক্রিয়াটিও হাসি-তামাশার নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা।

তিনি বলেন, ‘এই একতরফা নির্বাচনে জনগণের কোনো ভ্রুক্ষেপ নেই। যেখানে ৬০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না সেই নির্বাচন নিয়ে এত তোড়জোর করতে কিসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল? তিনি কি জানেন না তাঁর এই তামাশার নির্বাচনকে নিশ্চিত করার জন্য সরকারের হানাদারি আক্রমণে সারা দেশে পালিয়ে বেড়ানো বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করছে?’

রিজভী বলেন, ‘সারা দেশে বিএনপিসহ গণতন্ত্রকামী নেতাকর্মী বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে। আলবদরের মতো, রাজাকারদের মতো এরা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট করছে, পুরুষশূন্য বাড়িগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করছে, বাড়িরনারীদের অপদস্থ করছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক-উদ্বেগ শুধু বিএনপির পরিবারগুলোতে বিরাজ করছে না, সাধারণ ভোটাররা অজানা আশঙ্কায় সন্ত্রস্ত হয়ে আছে।

রিজভী বলেন, ‘রাতের আঁধারে মুখোশ কিংবা হেলমেট পরে হামলায় জড়িতরা সরকারি বাহিনী ও যুবলীগ-ছাত্রলীগের ক্যাডার। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনা প্রথম কাতারে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনী ও দলীয় ঘাতকদের। এর ওপর ভোটের অধিকার কেড়ে নিতে বিচার বিভাগকেও যথেচ্ছ ব্যবহার করছেন তিনি।’

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার ও ১০টি মামলায় ৯২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান রিজভী।

সারা দেশে আজ রবিবার সকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজপথে বিএনপি ও সমমনা জোটের নেতাকর্মীরা মিছিল করে সফলভাবে পালন করায় তাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনন্দনের কথাও জানান তিনি।


     এই বিভাগের আরো খবর