ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ()

সদরঘাটে নৌ-দুর্ঘটনার ঘটনায় দুটি তদন্ত কমিটি

সদরঘাটে নৌ-দুর্ঘটনার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিলের কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

তিনি জানান, গঠিত দুটি কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১৮ মার্চ) বিকেলে সদরঘাট এলাকায় দুটি লঞ্চের চাপায় একটি ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রীর মৃত্যু ঘটে। নিহতের নাম সোহেল। এ ঘটনায় তার বাবা মিরাজ হোসেন (৫২) নিখোঁজ রয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন সোহেলের স্ত্রী রুবি।

ঘটনাস্থল পরিদর্শনের পর রাতে প্রতিমন্ত্রী সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।

তিনি বলেন, একটি তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু ইসলাম এবং অপর কমিটির নেতৃত্বে রয়েছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম।

প্রতিমন্ত্রী আরও বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্তে যাদের দোষ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে কোনো ধরনের দুর্ঘটনাই গ্রহণযোগ্য নয়।”

আহত নারী অন্তঃসত্ত্বা উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তার গর্ভের সন্তান সুস্থ আছে এবং তিনিও আশঙ্কামুক্ত রয়েছেন।

এছাড়া, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


     এই বিভাগের আরো খবর