বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে ইউনিয়ন পরিষদের পাশেই এ ঘটনা ঘটে।নিহত মজিব পূর্বগুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মোনাফের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। স্থানীয় পর্যায়ে তিনি বিয়ের ঘটক হিসেবেও পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ছয়টার দিকে মজিবের সঙ্গে দুইজনের তর্ক হয়। এর প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মো. আনোয়ার বলেন, ‘আমার ভাই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সে যুবদল করত এবং গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।’
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। নিহতের সঙ্গে দুইজনের কথা কাটাকাটির ঘটনা ঘটেছিল। পরে তারা ফিরে এসে গুলি করে পালিয়ে যায়। তাদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।