পবিত্র রমজান মাসে ইফতারির আগে মানুষজন বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল প্রাঙ্গণে দল বেঁধে প্রবেশ করছে। ভেতরে গিয়ে দেখা গেল ইফতারির আয়োজন। শরবত, খেজুর, খিচুড়িসহ নানা পদের খাবার থালায় সাজানো।
প্রতিদিন তিন শতাধিক মানুষ এখানে ইফতার করেন। ২০২৪ সাল থেকে প্রায় তিন বছর ধরে এ আয়োজন চালিয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পৃষ্ঠপোষকতায় প্রতিদিন তিন শতাধিক নিম্ন আয়ের মানুষকে ইফতার করানো হচ্ছে।ইফতারের অতিথিরা হলেন, সমাজের নিম্ন শ্রেণি, রিকশা-ভ্যানচালক, দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক, সিএনজিচালক, ভিক্ষুকসহ নানা শ্রেণিপেশার মানুষ। ইফতার শুরুর ঠিক ১৫ মিনিট আগে থেকে তারা আসতে শুরু করেন। সবাই সারিবদ্ধভাবে বসে পড়েন। তৃপ্তির সঙ্গে ইফতার করেন। একপাশে পুরুষরা, অন্যপাশে নারীরা ইফতারে শামিল হন। ইফতার শেষে নামাজের জন্য রয়েছে নারী-পুরুষের আলাদা সুব্যবস্থা।
ইফতার করতে আসা অটোরিকশাচালক মাহিদুল ইসলাম বলেন, তিন বছর ধরে তিনি এখানে নিয়মিত ইফতার করেন। সারাদিন রোজা রাখার পর গাড়ি চালানোর ক্লান্ত শরীরে এখানে এসে ইফতারে অংশ নেই। ভাল ইফতারের আয়োজন করা হয় এখানে। পেট ভরে খেয়ে আবার গাড়ি চালাবার যাই।