ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ()

পিলখানা নিয়ে আর কোন নতুন কমিশন করবেনা সরকার

অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের রিপোর্ট আমাদের সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের সময় এই রিপোর্ট বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি,” স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

এই রিপোর্টটা পুরো না দেখেই এর আগে যে মন্তব্য করেছেন তা সংশোধন করতে চান উল্লেখ করে তিনি বলেন, “আমরা নতুন করে আর কোনো তদন্ত কমিশন করবো না। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের দ্বারা গঠিত হয়েছে, তাদের রিপোর্টে আমি এক নজরে যা দেখেছি তাতে যে সমস্ত সুপারিশমালা এসেছে তা প্রায় ৭০টি”।

আজ বুধবার বনানী সামরিক কবরস্থানের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যন্ত, কিছু আপিলেড ডিভিশনে হয়তো আছে। জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে আর অন্যান্য যে রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো”।

প্রসঙ্গত, এর আগে গত সোমবার এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানায় সংঘটিত ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এটার জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে। আমাদের ইশতেহারের মধ্যেও আছে। আমরা বিডিআর (বিদ্রোহের) ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করবো। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”


     এই বিভাগের আরো খবর