ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে হাসবাড়ী হাইস্কুল মাঠে ইফতার মাহফিল আয়োজন করেন।
আয়োজনে প্রায় দশ হাজার মানুষের জন্য ৩৫ মণ চাল, ৪০ মন আলু, ১টি বড় গরু ১ টি বড়ো খাসির প্রস্তুতি ছিল।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ মুসল্লিরা ছাড়াও গরীব অসহায় দুস্থ, এবং স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার মানুষেরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের মাঝে চেয়ারম্যানসহ তার বড়বোন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বানু,ছোট ভাই জেলা যুবদল নেতা সুমন মন্ডল সহ পরিবারের অন্যান্য সদস্যরা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দৌলতপুরের কিনু শেখ জানায়, চেয়ারম্যানের এমন মহতি উদ্যোগ সত্যি প্রশংসনীয়। যেকারনে আমরা ইউনিয়নবাসী মানুষ একত্র হয়ে ইফতার করেছি।
মধ্যরামচন্দ্রপুরের এন্তাজ আলী জানান,আমরা একজন যোগ্য চেয়ারম্যান পেয়েছি। চেয়ারম্যানের প্রতিটি পদক্ষেপ আমাদের কাছে ভালোলাগার। এমন চেয়ারম্যান টেই আমরা গর্বিত।
করতোয়া পাড়া থেকে আগন সোনাভান ভানু জানান, টিটু চেয়ারম্যান অনেক ভালো মানুষ। ম্যালাদিন পর গরুর গোস্তো আলুর ডাল দিয়ে ইফতার করচি। চেয়ারম্যান প্রত্যাক বছর এই আয়োজন করে।
আয়োজক ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু বলেন, পবিত্র রমজান মাস মানুষকে ধৈর্য, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমি প্রতি বছর আমার ইউনিয়নবাসীর মিলনমেলা ঘটাতে এমন আয়োজন করে থাকি। এই গরীব অসহায় মানুষটা বারবার ভোট দিয়ে আমাকে ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছেন। তাদের জন্য কিছু করাটা আমার ভালো লাগার বিষয়। এই মাসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনে উপস্থিত অতিথিরা এমন আয়োজনের জন্য চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুর প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।