নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই ভারতে দেশটির নাগরিকদের জন্য স্থগিত থাকা ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া এখনো সীমিত। বর্তমানে মাত্র পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ভিসা ইস্যু করা হচ্ছে। ফলে বিপুল সংখ্যক মানুষ ভারতে যেতে পারছে না।ভারতে দেশটির নাগরিকদের জন্য বাংলাদেশ ভিসা কার্যক্রম চালু করলে এদেশে ভারত কেন করছে না তা নিয়ে জনমনে প্রশ্ন। তবে কূটনৈতিক সূত্র বলছে, নিরাপত্তা উদ্বেগ, জনবল সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে পুরো কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগবে।
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা ভিসা চালু থাকলেও সীমিত। পর্যটক ভিসা নিয়ে এখনো সুখবর নেই। তবে ধীরে ধীরে ভিসার সংখ্যা বাড়ানো হচ্ছে বলে দাবি করছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা বলেন, ‘শুধু ভিসা নয়, দুই দেশের মধ্যে সব ধরনের সম্পর্ক স্বাভাবিক করতে আমরা কাজ করছি। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হবে। ভিসা কার্যক্রমও।’