ঢাকা, সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ()

মির্জা আব্বাসের শারিরীক অবস্থা অনেকটাই উন্নতি

Oplus_131072

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

আজ সোমবার (২৩ মার্চ) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন যে বিভিন্ন শারীরিক সূচক ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তার ভাষায়, অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে মস্তিষ্কসংক্রান্ত সমস্যা হওয়ায় সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে। তিনি দেশবাসীর কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়েছেন।

গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বিছানা থেকে তুলে চেয়ারে বসিয়েছেন, যা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও জানান, মির্জা আব্বাস ধীরে ধীরে কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালে তার স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক তার পাশে রয়েছেন।

এর আগে, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ১৩ মার্চ তার মস্তিষ্কে প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর তিনি দুই দিন আইসিইউতে ছিলেন, এরপর তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


     এই বিভাগের আরো খবর