রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলার তথ্য রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, রাতে বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে সানিকে গ্রেফতার করা হয়। এ সময় তার দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সানিকে গ্রেফতা করে পুলিশ।পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা শাখার সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে গ্রেফতার করেছিল র্যাব-১।
২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় পিচ্চি সানির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সে সময় আন্দোলন দমনে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের ওপর হামলায় তাকে অংশ নিতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, উত্তরাজুড়ে বিস্তৃত কিশোর গ্যাং নেটওয়ার্কের আড়ালে পিচ্চি সানি সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় যুক্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) নূর মোহাম্মদের অন্যতম সঙ্গী।
এ ছাড়া স্থানীয়ভাবে আলোচিত ‘দে লাড়া’ গ্রুপের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত থাকার অভিযোগ রয়েছে পিচ্চি সানির বিরুদ্ধে। উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়াও উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গীর বিভিন্ন এলাকায় গ্রুপটির তৎপরতা রয়েছে। বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচায় গ্রুপটির সম্পৃক্ততার তথ্য একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ৩০ আগস্ট চার সহযোগীসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সানি। ওই সময় তার কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর নথি অনুযায়ী, পিচ্চি সানির বিরুদ্ধে দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় দুটি মামলার তথ্য রয়েছে। ২০১৮ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে এসব মামলা দায়ের করা হয়।
সর্বশেষ গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর যুগান্তরকে বলেন, কিশোর গ্যাং নেতা পিচ্চি সানিকে বুধবার রাতে উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উত্তরায় কিশোর গ্যাং দমনে পুলিশ সবসময় তৎপর রয়েছে।