ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় প্রাইভেট কারে থাকা শিশুসহ ৪ জন নিহত 

কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের একটি বাসচাপায় প্রাইভেট কারে থাকা শিশুসহ ৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের নাম আব্দুল মুমিন, ঝর্ণা, লাবিবা ও আরসাদ। 

পুলিশ জানায়, ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ দুজন নিহত হন।পরে প্রাইভেট কারে থাকা মোট ৫ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে শিশুসহ আরো দুজনের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় প্রাইভেট কারের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


     এই বিভাগের আরো খবর