কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৬৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ সাগর হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার (২১ মে ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। আটককৃত সাগর হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুরিয়া ভাঙ্গাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) আনুমানিক দুপুর ১২টা ২০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকারপাকুরিয়া সরদারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৬৫ বোতল নেশাজাতীয় সিরাপ (কোডেইন ফসফেট এন্ড ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ) এবং একটি মোটরসাইকেলসহ সাগর হোসেনকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ দৌলতপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আরও জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।