ইবি প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন উজানগ্রাম, ঝাউদিয়া ও আলামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শনিবার (১৮ এপ্রিল) ভোরে সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষে। এতে উজানগ্রাম, গজনবীপুর, খয়েরপুর ও বাখইল গ্রামের হাজারো মানুষ জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহতদের কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায়ই এমন সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। দিনভর কাজ শেষে রাতেও শান্তিতে থাকতে পারছেন না তারা। এ পরিস্থিতির স্থায়ী সমাধান চান সচেতন মহল।
এদিকে, শুক্রবার রাতেই উত্তেজনার খবর পেয়ে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শনিবার ভোরে সংঘর্ষ শুরু হওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ইবি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।