কুষ্টিয়ায় এনসিপি ঘরানার রাজনীতি করা এক বিতর্কিত নেতাকে নবগঠিত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করাকে কেন্দ্র করে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই নেতার নাম সোয়েব বিশ্বাস। তিনি দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের হাজী মিজানুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সোয়েব বিশ্বাস বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, দৌলতপুর উপজেলা শাখার ২নং সহ-সভাপতি হিসেবে পরিচিত। তবে সম্প্রতি তাকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, ৫ আগস্ট ২০২৪ পরবর্তী রাজনৈতিক সহিংসতায় সোয়েব বিশ্বাস সক্রিয়ভাবে অংশ নেন। ওই সময় তৎকালীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী ও উপজেলা যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় তার নেতৃত্বের অভিযোগ উঠে আসে। স্থানীয়ভাবে দাবি করা হয়, বর্তমান বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় এসব হামলা সংঘটিত হয়।
এছাড়া ৩০ আগস্ট ২০২৪ রাতে হোগলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক রাব্বির ওপর হামলার ঘটনাতেও সোয়েব বিশ্বাসের নাম আলোচনায় আসে। গুরুতর আহত রাব্বি ১৩ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া রাব্বি হত্যা মামলার নম্বর ১৫০৯/২৫ বলে জানা গেছে।
সোয়েব বিশ্বাসের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলা, নির্যাতন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে। ১৩ ফেব্রুয়ারি ২০২৬ “জয় বাংলা” লিখে ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী নাইম মন্ডলের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। একইভাবে ১০ জানুয়ারি ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে জয় ইসলাম নামে এক যুবককে মারধরের ঘটনাও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয়দের অভিযোগ, নিজেকে বর্তমান বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার ভাগিনা পরিচয় দিয়ে গত প্রায় ২০ মাস ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন সোয়েব বিশ্বাস।
এমন একজন বিতর্কিত ও অভিযোগে ঘেরা ব্যক্তিকে কীভাবে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে আনা হলো—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল। তারা বিষয়টি তদন্ত করে সাংগঠনিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।