বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়ন এবং যাত্রীসেবা আরও সম্প্রসারণে ভারত থেকে ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ আমদানির কার্যক্রম শুরু হয়েছে। এই চুক্তির আওতায় প্রথম চালানের মোট ১৮টি প্যাসেঞ্জার কোচ ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) থেকে এই প্রথম রেল কোচ সরবরাহ করা হয়।
ভারতীয় রেলওয়ের অন্যতম প্রধান রপ্তানি সংস্থা আরআইটিইএস (রাইটস) লিমিটেড আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় রেল প্রযুক্তির এই মাইলফলকের কথা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেছে। সংস্থাটি তাদের সন্তোষ প্রকাশ করে জানিয়েছে, কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি থেকে এই ১৮টি অত্যাধুনিক যাত্রীবাহী কোচ পাঠানোর ঘটনা রাইটসের বিশ্বব্যাপী রপ্তানিযাত্রায় একটি অনন্য ও গৌরবান্বিত নতুন অধ্যায়ের সূচনা করল। এটি একই সাথে বিশ্বমানের উৎপাদন উৎকর্ষ এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।