মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপার্সন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় যোগ দেন।
একনেক সভায় মোট ৩ হাজার ৪শ’৬২ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৬২০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ৫৮১ কোটি টাকা, বিশ্ব ব্যাংকের অনুদান ২৬১ কোটি টাকা ।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে “বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ” প্রকল্প, এ প্রকল্প বাস্তবায়নে ভারত সরকার ঋণ দিবে প্রায় ৫৮১ কোটি টাকা ; “দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরায়েরচর (কুমিল্লা)-মতলব উত্তর (ছেঙ্গারচর) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” প্রকল্প এবং “খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট সেতু ও বেইলী সেতুর পরিবর্তে কংক্রিট সেতু নির্মাণ” প্রকল্প।
পানি সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে “তেঁতুলিয়া নদীর ভাঙ্গন হতে পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার ধুলিয়া লঞ্চঘাট হতে বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা রক্ষা” প্রকল্প এবং “কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়)” প্রকল্প।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের “গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণে পাইলট” প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের “ইমার্জেন্সী মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (১ম সংশোধিত)” প্রকল্পে এ প্রকল্পে বিশ্বব্যাংক অনুদান দিবে ২৬১ কোটি টাকা।