বিনা প্ররোচনায় ভারতীয় সেনাদের উপর হামলা চালিয়েছে
চিনা সৈন্যরা। আর তাতেই শহিদ হয়েছেন দেশের ২০ জন বীর জওয়ান। কোনও গুলি চলেনি। কিন্তু তাও গলওয়ান উপত্যকায় ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) শহিদ হয়েছেন অন্তত ২০ জন ভারতীয় সেনা। আহত বহু। চিনা সেনাবাহিনীরও অনেক সদস্য হতাহত হয়েছেন, যার সংখ্যাটা অন্তত ৪৩। শুধু রড, পেরেক লাগানো লাঠি, কাঁটা লাগানো বালা (চিনা সেনাদের) পাথর ও বেয়োনেট দিয়েই চলেছে ভারতীয় ও চিনা সেনাদের তুমুল সংঘর্ষ। সোমবার রাতে এ ভাবেই উত্তপ্ত হয়ে ওঠে আকসাই চিনের কাছে লাদাখের এই অঞ্চল। ভারতীয় সেনাদের এই পরিণতিতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।
লাদাখে চিন যেদিন থেকে সমস্যা তৈরি করছে, তারপর থেকেই আবার শুরু হয়েছিল ‘বয়কট চিন‘ কর্মসূচি। কিন্তু মঙ্গলবার থেকে সেই স্লোগানে যেন ঝড়ের ঝাপটা লাগল। গোটা দেশজুড়েই এখন একটাই স্লোগান ‘চিনের জিনিস চাই না। বয়কট চিনা প্রোডাক্ট।’ আর এই কর্মসূচিতে নির্দিষ্ট কোনও জায়গায় নয়, গোটা দেশজুড়েই হল প্রতিবাদ।
কলকাতার বড়বাজারে এদিন অনেকেই চিনা পণ্য পুড়িয়ে প্রতিবাদ জানান। দেশের বিভিন্ন জায়গায় পোড়ানো হয় চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের কুশপুতুল ও ছবিও। ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।