ঈদুল ফিতরে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকার নির্ধারিত ভিজিএফের কার্ড নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এই সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে তা চলে রাত ১০টা পর্যন্ত।

গতকাল শুক্রবার এ ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। ঘটনাস্থল থেকে আটক ১৯ জনকে পুলিশ এসব মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আহত ব্যক্তিরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরে চর গোলকনগর গ্রামের বাসিন্দা ও মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মণ্ডলের সঙ্গে যুবদল নেতা শামীম লস্করের সামাজিক বিরোধ চলছে। ইউনিয়ন পরিষদ থেকে ৪ নম্বর ওয়ার্ডের সরকার নির্ধারিত ভিজিএফের কার্ড সায়েম মণ্ডল নিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে ওই কার্ডের ভাগ দাবি করেন শামীম লস্কর। সায়েম মণ্ডল এসব দিতে রাজি হননি। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামবাসী আলোচনায় বসেন। সেখানেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৫০ জন আহত হন। তাদের মধ্যে সানোয়ার মোল্যা, শরিফুল ইসলাম, রাবিউল ইসলাম, তোয়াজ উদ্দিন, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, কারীউল্লাহ, আলফাজ লস্কর, তপন জোয়ার্দ্দার ও আরজেনের নাম জানা গেছে।